নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক ঘটনায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গত শনিবার বিকেল ও রাতে এ দুই ঘটনা ঘটে। আহতরা বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ১০টায় নাটেশ্বর ইউনিয়নে হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে আহত হন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী ও প্রবাস ফেরত জামাল উদ্দিন। তার বাঁ হাঁটু ও উরুতে গুলি লাগে।

জামাল জানান, পাশের একটি চায়ের দোকানে বসে মোবাইল ফোনে কথা বলার সময় হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান।

স্থানীয়দের ধারণা, আসন্ন নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ ও পোস্টার সাঁটানোর কারণেই এই হামলা হতে পারে।

এদিকে শনিবার বিকেলে বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের বাহাদুরপুর যাওয়ার পথে বাংলাবাজার এলাকায় হামলার শিকার হন কামরুল হাসান (২৪)।

জানা গেছে, মোটরসাইকেলযোগে যাওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।