আ.লীগকে ফিরিয়ে আনছে বিএনপি

আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে বিএনপি সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মাধ্যমে সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

গতকাল রবিবার বিকালে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে এনসিপি।

নাহিদ ইসলাম বলেন, দেশে দলীয়করণ চলছে। জনগণের অর্থ ব্যয় করে নিজেদের প্রচার-প্রচারণা চালাচ্ছে বিএনপি। একই সঙ্গে জনগণের রায়ের প্রতিও দলটি যথাযথ সম্মান দেখাচ্ছে না। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার পথ তৈরি করা হচ্ছে। দেশের স্বার্থরক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন এনসিপি আহ্বায়ক।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়। আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।