উজিরপুরে যুবদল নেতা কাওসারের মরদেহ দাফনের আগে হত্যা মামলার দুই আসামির বাড়িতে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। গত শনিবার রাতে উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে এ ঘটনা ঘটে। এই দুই বাড়ি হচ্ছে সাতলা ইউনিয়নের আলামদী গ্রামের খালপাড় বড় ব্রিজসংলগ্ন এলাকায় হত্যা মামলার ১ নম্বর আসামি সজল মোল্লার বাড়ি এবং ভরচ্ছন্ন এলাকায় নান্না মোল্লার বাড়ি।
উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে আছেন। একটি টিনের ঘরে আগুন দেওয়া হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস যাওয়ার সুযোগ নেই। টিনের ঘর পুড়ে এখন আগুন নিয়ন্ত্রণে। আরও একটি ঘরে আগুন দেওয়া হয়েছে বলে শুনেছেন। কাওসার হত্যার আসামিদের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটেছে। সম্ভবত সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করা যায়নি।
শনিবার জানাজা শেষে কাওসারের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত শুক্রবার রাতে উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলায় কাওসার হাওলাদারকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকা- ঘটিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতেই উজিরপুর মডেল থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় ওই ৯ জনকে গ্রেপ্তার করে।