মিতু-তাবাসসুম-ঝুমার নেতৃত্বে জাতীয় নারীশক্তির নতুন কমিটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী নারী সংগঠন জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডা. মাহমুদা আলম মিতুকে আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে সদস্য সচিব এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমাকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল রবিবার সংগঠনটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বর্তমান কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এনসিপির এ সহযোগী সংগঠনের সর্বশেষ পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় গত এপ্রিলে। ৫৩ সদস্যের ওই কমিটিতে আহ্বায়কের দায়িত্বে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এবার আহ্বায়কের দায়িত্ব পাওয়া মিতু ছিলেন ওই কমিটির সদস্য সচিব। আর সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছিলেন মঞ্জিলা ঝুমা।