মঞ্চে আবার ‘এনিমেল ফার্ম’

আজ ও আগামীকাল আবার মঞ্চে উঠেছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনার নাটক ‘এনিমেল ফার্ম’। প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী হবে। বিশ্বখ্যাত লেখক জর্জ অরওয়েলের উপন্যাস অবলম্বনে রচিত নাটকটি নির্দেশনায় রয়েছেন নাট্যনির্দেশক, গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ। এতে অভিনয় করছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা।

১৯৪৫ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ‘এনিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস। এতে ক্ষমতার অপব্যবহার, বিপ্লবের লক্ষ্য থেকে সরে যাওয়া, রাজনৈতিক প্রতারণা এবং সাধারণ মানুষের অধিকার হারানোর চিত্র তুলে ধরা হয়েছে। উপন্যাসটি রুশ বিপ্লব ও পরবর্তী সোভিয়েত শাসনব্যবস্থার প্রেক্ষাপটে লেখা হলেও এর বিষয়বস্তু এখনো প্রাসঙ্গিক।

নাটকটির নির্দেশক ড. সাইদুর রহমান লিপন বলেন, ‘এনিমেল ফার্ম’ শুধু একটি পশুখামারের গল্প নয়, এটি রাষ্ট্র, সমাজ ও ক্ষমতাকাঠামোরও প্রতিচ্ছবি। তার মতে, মানুষ বারবার মুক্তির স্বপ্ন নিয়ে বিপ্লব করেছে। কিন্তু অনেক সময় ক্ষমতার পরিবর্তন হলেও শোষণের ধরন বদলায়নি। অরওয়েলের উপন্যাস সেই বাস্তবতাই তুলে ধরে।

নাটকটির সহযোগী নির্দেশক হিসেবে কাজ করেছেন ড. শামীম আহমেদ ও আব্দুর রাজ্জাক। সেট ও প্রপস পরিকল্পনায় রয়েছেন আব্দুর রাজ্জাক, পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মণ এবং সংগীত পরিকল্পনায় অসীম কুমার নট্ট।