আসিফের ঘটনায় ক্ষুব্ধ রবি

দেশীয় সংগীতাঙ্গনের একসময়ের আলোচিত সংগীতশিল্পী রবি চৌধুরী। গানের মঞ্চে তিন দশকেরও বেশি সময়ের পথচলা এই তারকার। সংগীতশিল্পী রবি চৌধুরীর। পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নতুন দায়িত্ব পালন করছেন তিনি। আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের হয়ে আগামী দুবছরের জন্য শান্তিও শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

তবে এসবের বাইরে এবার প্রিয় সহকর্মী আরেক জনপ্রিয় গায়ক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি ক্ষোভপ্রকাশ করে এ ঘটনার নিন্দা জানিয়ে শিল্পীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রবি চৌধুরী এ প্রতিক্রিয়াও জানিয়েছেন। সেখানে তিনি আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনায় ক্ষোভপ্রকাশের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানান।

রবি চৌধুরী বলেন, ‘আমার ভাই আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনা শোনার পর থেকেই মনের মধ্যে এক ধরনের ক্ষোভ কাজ করছে। আমরা শিল্পীরা মানুষকে জীবন দিয়ে গান শুনিয়ে, জীবন নিতে পারি না। আমরা কি নিরাপদ সবাই? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। তদন্ত করে বের করা হোক, কারা ঘটিয়েছেন এই ঘটনা। আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।’

উল্লেখ্য, গত শনিবার ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। ফলে তিনি অক্ষত রয়েছেন। শুধু রবি চৌধুরীই নন, আসিফের গাড়িতে গুলি ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানান আরও অনেক তারকা।