নিত্যপ্রয়োজনীয় পণ্যে ইউনিমার্টের উদ্যোগ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় গ্রাহকের ব্যয় কিছুটা কমাতে ‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ শীর্ষক বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম সুপারশপ ইউনিমার্ট। এর আওতায় ৩ হাজার ৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে প্রতিযোগিতামূলক মূল্যে কেনাকাটার সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি। পরিচালন ব্যয় কমানো, সরাসরি পণ্য সংগ্রহ এবং নিজেদের মুনাফার অংশে ছাড় দেওয়ার মাধ্যমে গ্রাহকের জন্য এই সুবিধা নিশ্চিত করছে ইউনিমার্ট।

বর্তমান বাজার পরিস্থিতিতে দৈনন্দিন কেনাকাটার ব্যয় অনেক পরিবারের জন্যই গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে পণ্যের মান ও সেবার সঙ্গে আপস না করে গ্রাহকদের আরও সাশ্রয়ী কেনাকাটার সুযোগ করে দিতেই ইউনিমার্টের এই উদ্যোগ।

এ প্রসঙ্গে ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মাহফুজুর রহমান বলেন, ‘বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় ব্যয়ের বিষয়টি প্রতিটি পরিবারের কাছেই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, গ্রাহকদের পাশে থাকার অর্থ শুধু মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা নয়, তাদের দৈনন্দিন ব্যয় কিছুটা কমিয়ে আনার চেষ্টাও করা। ‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ উদ্যোগের মাধ্যমে আমরা সেই দায়িত্ববোধেরই প্রতিফলন ঘটাতে চাই।’

এ উদ্যোগ বাস্তবায়নে নিজেদের পরিচালন ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন এনেছে ইউনিমার্ট। দৈনন্দিন কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় কমানোর পাশাপাশি বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে আউটলেটগুলোয় প্রাকৃতিক আলোর ব্যবহার বাড়ানো এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিমিতভাবে পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি, মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি পণ্য সংগ্রহের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠানটি। এতে পণ্য সংগ্রহের খরচ কমানোর গুণগত মান ও বিশুদ্ধতা নিশ্চিত করার সুযোগও বাড়ছে। পণ্য সংগ্রহ থেকে সংরক্ষণ ও বিক্রয় পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।