দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডমেস্টিক থ্রি (ডি থ্রি) টুর্নামেন্টের খেলোয়াড় নিলাম আজ। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের অংশগ্রহণে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টায় শুরু হবে এই আয়োজন। প্রতিটি দলের বরাদ্দ ১০ কোটি পয়েন্ট। অর্থাৎ ছয় দলের মোট বাজেট ৬০ কোটি পয়েন্ট। আগে থেকেই লটারির মাধ্যমে একজন করে আইকন ক্রিকেটার পেয়েছে দলগুলো। ফলে নিলাম থেকে ২২ জন করে ক্রিকেটার কিনে আইকনসহ ২৩ সদস্যের স্কোয়াড গঠন করতে হবে প্রতিটি দলকে।
নিলামের জন্য প্রস্তুত তালিকায় রয়েছেন ২৬৮ জন ক্রিকেটার। তাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ২২ জনের ভিত্তিমূল্য ৪০ লাখ পয়েন্ট, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ জনের ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ৬৮ জনের ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জনের ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে ১০১ জনের ভিত্তিমূল্য পাঁচ লাখ পয়েন্ট। নিলামের আগে তালিকা চূড়ান্ত করার সময় ছয় আইকন ক্রিকেটারসহ মেডিকেল ছাড়পত্র না পাওয়া, অযোগ্য কিংবা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হওয়া ক্রিকেটারদের বাদ দেওয়া হবে বলে জানা গেছে।
‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানার মতো তারকারা। মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন ‘সি’ ক্যাটাগরিতে। অভিজ্ঞ এই অলরাউন্ডার শুধু টি-টোয়েন্টি সংস্করণে খেলবেন। অন্যদিকে ‘ই’ ক্যাটাগরিতে থাকা ১০১ ক্রিকেটারের জন্যও নিলাম হতে পারে নিজেদের সামর্থ্য তুলে ধরার বড় সুযোগ।
গত ২৭ সেপ্টেম্বর লটারির মাধ্যমে ছয় দলের আইকন ক্রিকেটার নির্ধারণ করা হয়। ওয়ালটনের মেহেদী হাসান মিরাজ, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, ফরচুনের তাওহীদ হৃদয়, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, ব্লুস্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেনস ব্যাংকের নাঈম শেখ। আইকন ক্রিকেটারদের জন্য নিলামের বরাদ্দ পয়েন্ট খরচ করতে হবে না।
নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াডে অন্তত দুজন উইকেটকিপার-ব্যাটার রাখতে হবে। আইকন ক্রিকেটার এই ভূমিকার খেলোয়াড় হলে তাকে হিসাবের মধ্যে ধরা হবে। তবে ব্যাটার, পেসার, স্পিনার ও অলরাউন্ডার নির্বাচনে নির্দিষ্ট অনুপাত বাধ্যতামূলক নয়। অকশন পয়েন্ট কেবল খেলোয়াড় কেনার হিসাবের জন্য, এর সঙ্গে ক্রিকেটারদের বেতন বা ম্যাচ ফির কোনো সম্পর্ক নেই।
দর হাকার ক্ষেত্রে ক্যাটাগরিভেদে নির্দিষ্ট ধাপ অনুসরণ করা হবে। প্রতিটি বৈধ দর গ্রহণের পর ১০ সেকেন্ড সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে নতুন দর না এলে ‘গোয়িং ওয়ান্স’ ও ‘গোয়িং টোয়াইস’ ঘোষণার পর ক্রিকেটার বরাদ্দ দেওয়া হবে। বাজেট বা খেলোয়াড়সংখ্যার সীমা অতিক্রম করে দর হাঁকলে তা বাতিল হবে। প্রথম দফায় অবিক্রীত ক্রিকেটারদের জন্য থাকবে রিকল রাউন্ড।
এদিকে তানজিম হাসান সাকিব ও রবিউল হকের নিলামে অংশগ্রহণের জন্য বিসিবির মেডিকেল ছাড়পত্র প্রয়োজন। মাহমুদউল্লাহকে শুধু টি-টোয়েন্টি সংস্করণের জন্য বিবেচনা করা হয়েছে। তার বিকল্প হিসেবে এক দিনের ও চার দিনের ম্যাচে বিসিবির অনুমোদিত অস্থায়ী ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে।
টি-টোয়েন্টিতে যোগ্য ক্রিকেটারদের ম্যাচ ফি ৮০ হাজার টাকা, এক দিনের ম্যাচে এক লাখ এবং চার দিনের ম্যাচে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ১৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ডি থ্রি টুর্নামেন্টের টি-টোয়েন্টি লিগ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে একমি ও ফরচুন। বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্লে-অফ ও ফাইনাল। ৩১ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি পর্ব।