পৈত্রিক ভিটা দখলচেষ্টার অভিযোগ: আহত ২ নারী

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া এলাকায় পৈত্রিক ভিটা দখলচেষ্টাকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার লুট এবং দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পেয়ার মোহাম্মদ (৪০) ১০ জনের বিরুদ্ধে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈত্রিক বাড়ি-ভিটার জায়গা নিয়ে প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে পেয়ার মোহাম্মদের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় টিনের ঘর ভাঙচুর করা হয়, এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে পেয়ার মোহাম্মদের মামাতো বোন নূর আক্তার (৪২) ও সৎ মা জাহানারা বেগমকে (৫০) মারধর করা হয়। লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে তাদের গুরুতর আহত করার পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করা হয়েছে।

এ সময় অভিযুক্ত ব্যক্তিরা পাকা বসতঘরে ঢুকে আলমারিতে রাখা নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লুট হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য চার লাখ টাকা।

স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে আহত দুই নারীকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে। তাদের দাবি, এ বিষয়ে বাড়াবাড়ি করলে সবাইকে মেরে লাশ গুম করে ফেলা হবে।

খবর পেয়ে পেয়ার মোহাম্মদ বাড়িতে গিয়ে আহত তার মামাতো বোন ও সৎ মাকে উদ্ধার করেন। পরে তাদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। থানায় দেওয়া অভিযোগের সঙ্গে চিকিৎসার ব্যবস্থাপত্রও সংযুক্ত করা হয়েছে।

পেয়ার মোহাম্মদ বলেন, আমার অসহায় মা-বোনকে যেভাবে মেরেছে, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।