জয়পুরহাটের যানজট নিরসনে মুক্ত আলোচনা

জয়পুরহাট শহরের তীব্র যানজট নিরসন, বিদ্যমান নানামুখী নাগরিক সমস্যা সমাধান এবং জেলার সার্বিক উন্নয়নের সম্ভাবনার বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত ওই আলোচনায় অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন ।

​রবিবার (২৫ অক্টোবর) রাতে জয়পুরহাট শহরের চিনিকল রোডের ‘মধুমিতা রেস্তোরাঁয়’ এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনায় বিএনপি নেতা ওবায়দুর রহমান চন্দন জয়পুরহাটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে জেলার নানা সামাজিক ও নাগরিক সমস্যা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ও পরামর্শ চান।

​তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যানজটসহ জয়পুরহাটের বিদ্যমান সব নাগরিক সমস্যাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে সেসব সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

​আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন। ​এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি বিপুল কুমার সরকার, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান সহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ।

মুক্ত আলোচনায় সাংবাদিকরা জয়পুরহাটের বর্তমান নাগরিক দুর্ভোগ ও সম্ভাবনার নানা দিক বিএনপি নেতার সামনে তুলে ধরেন।