বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের (জেবিপিএফএল) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। স্থানীয় সময় আজ সোমবার (২৬ অক্টোবর) বেলা ৩টায় জাপানে মৈত্রী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তারো আসোর অব্যাহত ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তিনি ২০০৬ সালে তার জাপান সফরকালে বিএনপি’র তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। জবাবে তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তাঁর পূর্বের সাক্ষাতের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং জনগণের মধ্যকার যোগাযোগ সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় এবং তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি থাকায় জাপানি কোম্পানিগুলো এখানে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী বলে জানান তারো আসো। প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও আইনি সংস্কারসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নে জাপানের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ উভয় দেশের জ্যেষ্ঠ কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।