গোবিন্দগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির উঠানে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে  উপজেলার উত্তরপাড়ার চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু হলো ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরাফ বাবু (২) ও আশরাফুল ইসলামের মেয়ে মিশকাতুল জান্নাত (২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন। 

স্থানীয়দের বরাত দিয়ে তালুককানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফিরোজ কবির প্রধান জানান,  সকাল সাড়ে ১১টার দিকে ওই দুই শিশু অন্য শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এসময় বাড়ির সকলের অগোচরে তারা দুইজন পাশের পুকুরের পানিতে পড়ে যায়। ঘণ্টা খানেক পর শিশু দুটি’র মা উঠানে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।