ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজের কারণে সেতু সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে যাত্রী ও চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের মেরামতকাজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হবে। নারায়ণগঞ্জ সড়ক বিভাগ পরিচালিত এ কাজ বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত চলবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম মেরামতকাজের বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মেরামতকাজ চলাকালে ডেমরা সেতু ও এর আশপাশের এলাকায় যান চলাচলে ধীরগতি এবং যানজট সৃষ্টি হতে পারে। এ কারণে যাত্রীসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করার পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জনসাধারণের ভোগান্তি কমাতে মেরামতকাজসংক্রান্ত তথ্য দ্রুত সবার কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সহযোগিতাও কামনা করেছে হাইওয়ে পুলিশ।