বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

জাপান-বাংলাদেশ যৌথ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৪৫ মিনিট) এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন। একই সাথে মারুবেনি করপোরেশনের প্রধান হিসেবে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে তার অবদানের জন্য ধন্যবাদ জানান।
 

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। মাসুমি কাকিনোকি দুই দেশের প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও জাপানি বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পসহ বিভিন্ন উদীয়মান খাতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান জানান।
 
তিনি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকায়ন এবং দেশের অভ্যন্তরে দ্বিতীয় একটি নতুন সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে জাপানের কারিগরি ও অর্থনৈতিক সহায়তা কামনা করেন। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আইনি সংস্কার ও অনুমোদনপ্রক্রিয়া সহজীকরণে কাজ করছে বলে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ ঊর্ধ্বতন সরকারি ও কূটনৈতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের সিইও মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে এক বৈঠকে প্রযুক্তি, এআই, সাইবার নিরাপত্তা ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল।
 
প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও রয়েছেন। তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।