'বাগস বানি'র কণ্ঠশিল্পী এরিক বাউজা আর নেই

জনপ্রিয় কার্টুন সিরিজ ‘লুনি টিউনস’-এর বাগস বানি, ড্যাফি ডাক ও পোর্কি পিগসহ একাধিক চরিত্রে কণ্ঠ দেওয়া শিল্পী এরিক বাউজা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। খবর বিবিসির। 

বাউজার পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আকস্মিকভাবে তাঁর মৃত্যু হয়েছে। তবে ভ্যারাইটি জানিয়েছে, হাইপারটেনসিভ কার্ডিওভাসকুলার ডিজিজ বা উচ্চ রক্তচাপজনিত হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রবিবার (২৫ অক্টোবর) নিজ বাড়িতে মারা যান এই কণ্ঠশিল্পী। 

চলতি গ্রীষ্মে মুক্তি পাওয়া অ্যানিমেটেড চলচ্চিত্র 'কয়োটি ভার্সেস একমে'-তে একাধিক চরিত্রে কণ্ঠ দিয়েছেন বাউজা। এ ছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া 'ফরগটেন আইল্যান্ড' চলচ্চিত্রেও তাঁর কণ্ঠ শোনা গেছে।

কানাডার অন্টারিওতে জন্ম নেওয়া ফিলিপিনো বংশোদ্ভূত বাউজা ছোটবেলা থেকেই 'লুনি টিউনস'-এর ভক্ত ছিলেন। ২০২১ সালে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শৈশবে প্রিয় কার্টুন চরিত্রগুলোর কণ্ঠ নকল করতেন।

বাউজা বলেছিলেন, 'লুনি টিউনস সব ভাষা ও সংস্কৃতির সীমানা ছাড়িয়ে গেছে। পৃথিবীর যে প্রান্ত থেকেই আসুন না কেন, এর কৌতুক আপনি বুঝতে পারবেন।' 

টেলিভিশনে কণ্ঠাভিনয়ের জন্যও একাধিক স্বীকৃতি পেয়েছেন বাউজা। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন টিভি সিরিজে অসাধারণ কণ্ঠাভিনয়ের জন্য তিনটি এমি পুরস্কার জেতেন তিনি।

বাউজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন গ্রুপ অ্যান্ড ইউএস নেটওয়ার্কসের চেয়ারম্যান চ্যানিং ডাঙ্গি।