নরসিংদীর রায়পুরায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০ রাউন্ড সিসা গুলিসহ স্বপ্না আক্তার (৪২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এনা পরিবহন’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী স্বপ্ন আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড সিসা গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। আটককৃত স্বপ্না আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে এগুলো ব্যবহার করার জন্য পরিবহন করেছিলেন তিনি। আরও কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তদন্ত করছি।