চসিক প্রশাসক পদে শাহাদাতের নিয়োগ বাতিলের দাবি এনসিপির

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের নিয়োগকে বেআইনি, অযৌক্তিক ও জনআকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অবিলম্বে এ নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে দলটির চট্টগ্রাম মহানগর নেতারা।

সোমবার (২৬ অক্টোবর) চকবাজারের আলী প্লাজায় মহানগর এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রামবাসীর ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চসিকের প্রশাসক পদে এ বিতর্কিত নিয়োগ অবিলম্বে পুনর্বিবেচনা করা না হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়রের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। মেয়াদোত্তীর্ণ একজন ব্যক্তিকে পুনরায় চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া বেআইনি, অযৌক্তিক ও জনআকাঙ্ক্ষার পরিপন্থী। এমন অগণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আরিফ মঈনুদ্দিন অবিলম্বে এ নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল ও সাজ্জাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় তাঁরা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক সংকট ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরে তা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, আদালতের রায়ের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর গত রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে মেয়র পদ থেকে সরিয়ে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।