চসিক প্রশাসক হিসেবে ডা. শাহাদাতের নিয়োগ বাতিলের দাবি এনসিপির

সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক এবং জনআকাঙ্ক্ষার পরিপন্থী মন্তব্য করে অবিলম্বে এ নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতারা।  সোমবার (২৬ অক্টোবর) চকবাজারস্থ আলী প্লাজায় চট্টগ্রাম মহানগর এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরী সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রামবাসীর ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে চসিকের প্রশাসক পদে এই বিতর্কিত নিয়োগ পুনর্বিবেচনা না করা হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়রের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। 

মেয়াদোত্তীর্ণ একজন ব্যক্তিকে পুনরায় চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক এবং জনআকাঙ্ক্ষার পরিপন্থী। এমন অগণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। একই সাথে তিনি অবিলম্বে এ বিতর্কিত নিয়োগ বাতিল করে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের দাবি জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক সংকট ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন এবং তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রসঙ্গত, আদালতের রায়ের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁকে মেয়র পদ থেকে সরিয়ে চসিকের ‘প্রশাসক’ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।