জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তারের পর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্যসচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে আমান উল্লাহ উদয়কে ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের বিশেষ অভিযানে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও একটি ১৫০ সিসি সুজুকি মোটরসাইকেলসহ আমান উল্লাহ উদয় এবং আরও চারজনকে আটক করা হয়। পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
মদসহ ছাত্রদল নেতার গ্রেপ্তার ও পরবর্তী সময়ে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।