পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ফিরিয়ে আনতে চান বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ বিষয়ে বর্তমান সরকারকে আইজিপির বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর মুগদায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। এনসিপির আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে আইজিপির কড়া সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আইজিপি আলী হোসেন ফকির ডিবির হারুন ও বেনজীরের বংশধর, যার জন্য পুলিশ বাহিনীর সুনাম আবার ক্ষুণ্ণ হচ্ছে। এই আইজিপি মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। না হলে ধরে নেব আবারও ক্রসফায়ার, গুম ও খুনের দিকে হাঁটছে সরকার।’
দেশের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খেটে খাওয়া মানুষের মধ্যে তীব্র উৎকণ্ঠা দেখা যাচ্ছে। দেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। চাকরিপ্রার্থী তরুণ প্রজন্ম বর্তমান বিএনপি সরকারের ওপর আস্থা হারিয়েছে। ‘যারা আস্থা রেখে ভোট দিয়েছিল, তারা এখন লাইভে এসে নিজের গালে নিজে জুতা পেটা করছে।’
এনসিপির এই নেতা দাবি করেন, জনগণ বিএনপিকে ভোট দেওয়ায় অনুতপ্ত এবং আগামী সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের এই ভুলের সংশোধন করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, মোড়ে মোড়ে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আগামী নির্বাচনে এই সব চাঁদাবাজের বিষদাঁত ভেঙে ফেলার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনগণের কাছে গুন্ডা নিয়ে, হুন্ডা নিয়ে ভোট চাইতে আসব না, আপনারাও পয়সা নিয়ে ভোট দিয়েন না। বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সেবা পাবেন। সিটি করপোরেশনের ইলেকশনে আগের ভুল করবেন না।’
আইজিপির বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘পুলিশের কাপড় জনগণের টাকায় কেনা। আপনারা বিএনপির পুলিশ না, সালাহউদ্দিনের পুলিশ না। তাই আগামী নির্বাচনে তাদের হয়ে কাজ করার দরকার নেই, জনগণের হয়ে কাজ করুন।’
তিনি আরও অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের নীলনকশার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না করে ২০০৭ সালের পরিস্থিতির পুনরাবৃত্তি করার চেষ্টা করছেন সালাহউদ্দিন। এ ছাড়া বাজারে সিন্ডিকেটের কারণেই গ্যাসের দাম কমছে না বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, একই দিনে (সোমবার) দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, প্রয়োজনে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে।
বক্তব্যে আইজিপি বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, আমরা সেটাই করব।’ সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলার ওপর জোর দিয়ে তিনি আরও জানান, কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।