পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন রোধ এবং পদ্মা সেতু ও সংলগ্ন অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন রিটকারী আইনজীবী এবং মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) চেয়ারম্যান ড. মো. গোলাম রহমান ভূঁইয়া। হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি আসলে শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী।
আবেদনে বলা হয়েছে, পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রিট আবেদনে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য হাইকোর্টের প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আরজি জানানো হয়েছে।
গোলাম রহমান ভূঁইয়া বলেন, পদ্মা নদী বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, কৃষি, মৎস্যসম্পদ ও জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য নষ্ট হলে নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি ও প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
একই সঙ্গে পদ্মা সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা রক্ষায় বৈজ্ঞানিক মূল্যায়ন ও কার্যকর নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।