লালবাগে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীর লালবাগে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে লালবাগ থানাধীন বেড়িবাঁধ লোহারব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আলম ওরফে বিয়ার আলম (৩০)। তিনি লালবাগের শহিদনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত সিরাজ এবং মায়ের নাম ফয়জুননেছা।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, সোমবার ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে বেড়িবাঁধ লোহারব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লালবাগ থানার একটি জিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি বিয়ার আলমকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, লালবাগ থানার এসআই সুমন হাওলাদারের নেতৃত্বে এএসআই বিকাশ চন্দ্রসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। পরে তাকে থানায় নেওয়া হয়। 
বিয়ার আলমের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গ্রেপ্তারের পর তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।