মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খোলাপাড়া গ্রামের লালন কোম্পানি দীর্ঘদিন ধরে কৃষিজমিতে ড্রেজার বসিয়ে মাটির নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সোমবার বিকেলে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে থাকা একটি ড্রেজার ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।