কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা।
সিপিবির কার্যালয় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায়। একই ভবনের অষ্টম তলায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয়।
সোমবার রাত ৯টার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটকের পর ছেড়ে দেওয়া হলে পল্টনে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। ওই মিছিলকে কেন্দ্র করে তাদের ওপর হামলা করার অভিযোগ করা হয়। পরে তা সিপিবির কার্যালয় পর্যন্ত গড়ায়। পরে কার্যালয়ের সামনে লোকজন জড়ো হয়ে হামলা চালায়।
রাতে সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী বলেন, হামলার খবর পেয়ে এখন আমি সেখানে যাচ্ছি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, সোমবার দুপুরে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হলে গলায় ফুলের মালা পরিয়ে সিপিবির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় সিপিবি কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে। কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে মানববন্ধনের ডাক দেন সংস্কৃতিকর্মীরা। সেখানে জড়ো হলে পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে পারেননি তারা। ওই স্থান থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।