সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশ্বিক নিরাপত্তা ত্রুটির জেরে চার শতাধিক সরকারি সেবার অনলাইন প্ল্যাটফর্ম মাইগভ (mygov.bd) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাত থেকে কারিগরি নিরাপত্তার স্বার্থে এই ওয়েবসাইটটি ডাউন রয়েছে।

সরকারি ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পিএইচপির সর্বশেষ নিরাপত্তা ত্রুটি সমাধানে ওয়েবসাইটের সংস্করণ হালনাগাদ করতে হচ্ছে। এ জন্য মাইগভ বন্ধ রাখা হয়েছে। নতুন সংস্করণে যাওয়ার পর সেবাগুলো ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করতে হবে। এ জন্য কয়েকটি ধাপে কাজ চলছে।

ওই কর্মকর্তা বলেন, মাইগভের অধীনে অনেকগুলো ডোমেইন রয়েছে। সেগুলো একসঙ্গে হালনাগাদ করতে হচ্ছে। আশা করা হচ্ছে, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটটি চালু করা যাবে।

মাইগভের মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরের নাগরিক সেবা অনলাইনে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বিদেশগামী শিক্ষার্থী ও নাগরিকদের শিক্ষাগত সনদসহ বিভিন্ন সরকারি নথি সত্যায়নের ই-অ্যাপোস্টিল সেবা। এই সেবার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে নথি সত্যায়নের আবেদন করা যায়। ফলে সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি গিয়ে কাগজপত্র জমা দেয়ার প্রয়োজন কমে আসে। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ৪৪০টি সেবা এই প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে।

সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পিএইচপি ব্যবহার করে বহু ওয়েবসাইট ও অনলাইন সেবা পরিচালিত হয়। নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হামলাকারীরা সংশ্লিষ্ট সার্ভারে অননুমোদিতভাবে প্রবেশ বা ক্ষতিকর কোড চালানোর সুযোগ পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।