ভারতের গুয়াহাটিতে একটি হোটেলে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) এই হত্যাকাণ্ড হয়। খবর এনডিটিভি।
পুলিশ জানায়, গুয়াহাটির বোরা সার্ভিস এলাকার ‘হোটেল বিলাস ইন’-এ এই রক্তপাত হয়। হোটেলের মালিক ও লিজ নেওয়া ব্যক্তির মধ্যে বিরোধের জেরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। লিজ গ্রহীতা নিজেই এই হামলা চালিয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত সাংবাদিকদের বলেন, ‘ছয়জন গুলিবিদ্ধ হন, যার মধ্যে পাঁচজন মারা গেছেন। একজনের চিকিৎসা চলছে। ঘটনায় ব্যবহৃত পয়েন্ট ৩২ বোরের লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের লিজ চুক্তি সংক্রান্ত সম্পত্তিগত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘নিহত সবাই হোটেলের মালিকের পক্ষের লোক। লিজ গ্রহীতা নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন।’
ঘটনার বিস্তারিত বিবরণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।