ইউসিবি ইনভেস্টমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাফল্যের ছয় বছর পূর্ণ করে সপ্তম বছরে পদার্পণ করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। ২০২০ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজার ও করপোরেট অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি দেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট প্রতিষ্ঠানের জন্য ১৭০ বিলিয়ন টাকারও বেশি মূলধন সংগ্রহে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। গতকাল ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।

২০২৬ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাময়িকী ‘ইউরোমানি’ টানা চতুর্থবারের মতো প্রতিষ্ঠানটিকে ‘ বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক ইন বাংলাদেশ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বছর ‘ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স’ পুরস্কারও অর্জন করেছে ইউসিবিআইএল। উদ্ভাবনী অর্থায়ন কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নে প্রতিষ্ঠানটির দক্ষতা এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে এ অর্জন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউসিবি, ইউসিবি ইনভেস্টমেন্ট, ইউসিবি স্টক ব্রোকারেজ এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। তাদের সম্মিলিত উপস্থিতি ইউসিবি ফাইন্যান্সিয়াল গ্রুপের সমন্বিত শক্তি, পারস্পরিক সহযোগিতা ও অভিন্ন লক্ষ্যের প্রতিফলন ঘটায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাফল্যের ছয় বছর পেরিয়ে সপ্তম বছরে ইউসিবিআইএলের লক্ষ্য শুধু ব্যবসার পরিধি বাড়ানো নয়, বরং দেশের পুঁজিবাজারকে আরও গভীর, গতিশীল ও বৈচিত্র্যময় করে তুলতে অবদান রাখা। উদ্ভাবনী অর্থায়ন সমাধানের মাধ্যমে গ্রাহকদের পাশে থাকা, ব্যবসাপ্রতিষ্ঠানকে দেশীয় ও আন্তর্জাতিক মূলধনের সঙ্গে সংযুক্ত করা এবং সম্ভাবনাময় ও মানসম্পন্ন কোম্পানিকে পাবলিক মার্কেটে প্রবেশে সহায়তা করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।