ব্যাংক এশিয়া-জেসিএক্স ডেভেলপমেন্টের মধ্যে চুক্তি

ব্যাংক এশিয়া পিএলসি এবং জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। চুক্তির আওতায়, জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের বিভিন্ন প্রকল্পের অ্যাপার্টমেন্ট ক্রেতাদের জন্য সহজ, আকর্ষণীয় ও সুলভ হোম লোন সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া, গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ঋণসুবিধা সম্প্রসারণের লক্ষ্যে যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্তকরণ কর্মসূচি ও প্রচারণামূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের করপোরেট অফিসে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং ডিভিশনের অ্যাসেটস বিভাগের প্রধান মো. জাহেদ চৌধুরী এবং জেসিএক্স ডেভেলপমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. তারেক হোসেন মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ অংশীদারত্ব অ্যাপার্টমেন্ট ক্রয়ে ঋণ সুবিধা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করবে, যা গ্রাহকদের মানসম্মত আবাসনের স্বপ্ন পূরণে সহায়ক হবে। একই সঙ্গে, এ উদ্যোগ দুই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের আবাসন ও আর্থিক সেবা খাতের বিকাশে ইতিবাচক অবদান রাখবে।