সোনালীর এমডি বহাল

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের ধারাবাহিকতায় সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে জনতা, বেসিক ও অগ্রণী ব্যাংকের এমডি পদে নতুন তিন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে গত ১৯ অক্টোবর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছিল। তার আগে গত সেপ্টেম্বরে অগ্রণী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) এমডিদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। ফলে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়োগ নিয়ে এক মাসের ব্যবধানে একাধিক সিদ্ধান্ত আসে। 

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জনতা ব্যাংকের এমডি ও সিইও পদে বেসরকারি সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম, বেসিক ব্যাংকের এমডি ও সিইও পদে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নূরুল হুদা এবং অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে বেসরকারি যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর মোহাম্মদকে নিয়োগ দেওয়া হয়ছে। তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য।

জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় পরিবর্তনের অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের এমডি মো. কামরুজ্জামান খান এবং বিডিবিএলের এমডি মো. জসিম উদ্দিনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত জানায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে আইন ও চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। 

এরপর গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সম্মতি জানানো হয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর চেয়ারম্যানদের কাছে পৃথক চিঠি পাঠিয়ে ব্যাংক কোম্পানি আইন ও চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে বলা হয়েছিল। 

তখন শওকত আলী খানকে সোনালী ব্যাংকের এমডি পদ থেকে অব্যাহতির সিদ্ধান্তের পর নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত ব্যাংকটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর আগে ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের চুক্তিতে সোনালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।