বিশৃঙ্খলার মধ্যেও জয়ের স্বপ্ন বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেটে কোনো টুর্নামেন্ট বা সিরিজের আগে নানা আলোচনা, বিতর্ক ও অস্থিরতা নতুন কিছু নয়। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরুর আগে পরিস্থিতি যেন আরও জটিল হয়ে উঠেছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সঙ্গে ক্রিকেটার ও কোচিং স্টাফের বৈঠক এবং দলের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়া সব মিলিয়ে মাঠের বাইরের ঘটনাই আলোচনায় বেশি। অথচ এ সিরিজ বাংলাদেশের জন্য কেবল আরেকটি দ্বিপক্ষীয় লড়াই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখারও বড় সুযোগ। এমন পরিস্থিতিতে বাইরের আলোচনা সরিয়ে মাঠের ক্রিকেটে মনোযোগ দিতে চান প্রধান কোচ ফিল সিমন্স।

গতকাল মিরপুরে সংবাদ সম্মেলনে দলকে ঘিরে চলমান অস্থিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘আপনারা আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বাংলাদেশে আছেন। আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেট দেখছেন। কোনো ম্যাচের আগে কি এই প্রথম এমন বিশৃঙ্খলা দেখছেন? ’ সিমন্সের কথায় স্পষ্ট, মাঠের বাইরের পরিস্থিতি নিয়ে পড়ে থাকার চেয়ে দলের প্রস্তুতিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কোচের বিশ্বাস, গত কয়েক দিনে ক্রিকেটাররা নিজেদের কাজ ঠিকভাবেই করেছেন। এখন পুরো দল একতাবদ্ধ হয়ে সিরিজের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ বাংলাদেশের প্রধান কোচের, ‘বাইরে কী ঘটছে, সেটি নয়। দল হিসেবে প্রস্তুতির জন্য আমরা কী করছি, সেটাই আসল।’

তবে প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা ঘাটতি যে রয়েছে, তা অস্বীকার করেননি সিমন্স। ত্রিদেশীয় সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে থাকায় বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাননি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে আসার আগে চেন্নাইয়ে প্রস্তুতি ক্যাম্প করেছে এবং দেশে এসে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। সব ক্রিকেটারকে একসঙ্গে নিয়ে অনুশীলনের জন্য বাংলাদেশের হাতে সময় রয়েছে মাত্র দুই দিন।

এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘পুরো দলকে পাইনি। কারণ আমরা তখন ত্রিদেশীয় সিরিজের মধ্যে ছিলাম। এটি পুরোপুরি আদর্শ পরিস্থিতি নয়। তবে ছেলেরা বসে ছিল না, তারা ক্রিকেট খেলেছে। ফলে তাদের প্রস্তুতিতে অনেক কিছুই আছে। এখন পুরো দল একসঙ্গে হয়ে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য আমাদের হাতে এই দুই দিন সময় আছে।’