রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
 
মঙ্গলবার (২৭ অক্টোবরদ) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি ও রোহিঙ্গা বাস্তুচ্যুতি সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সব ধরনের সহিংসতা অবিলম্বে বন্ধ, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সংলাপের আহ্বান জানান। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাপানের মানবিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

টোকিওর ওই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্য অর্জনে জাপান সরকার ও দেশটির বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশকে অর্থনৈতিক ও উৎপাদনশিল্পের কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হতে পারে এবং ২০৩৪ সালের মধ্যে জিডিপি এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর জাপান প্রথম দিকের স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম এবং প্রধান উন্নয়ন সহযোগী।
 
পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ওপর ভিত্তি করে গড়ে ওঠা দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
 
জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে টোকিওতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।