ইয়ামালকে থিয়েরি অঁরির খোঁচা, ‘তুমি কি এই ট্রফিটাই চেয়েছিলে?’

ব্যালন ডি’অরের দৌড়ে ভালোভাবে ছিলেন লামিন ইয়ামাল। শেষ পর্যন্ত শেষ হাসি হেসেছেন হ্যারি কেইন। তবে খালি হাতে ফেরেননি ইয়ামাল। তবে ব্যালন ডি’অরের নানা স্মারক আর অর্জনের আনন্দ উদযাপনের ভিড়ে হুট করেই জন্ম নিল এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে। সেই ইয়ামালকে নিয়েই।

লন্ডনের সেই জমকালো আসরে সহ-উপস্থাপকের ভূমিকায় থাকা ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির একটি আপাত ‘হালকা চালের’ রসিকতা এখন নেটদুনিয়ায় ঝড়ের সৃষ্টি করেছে। বার্সেলোনা ও স্প্যানিশ সেনসেশন ইয়ামালকে উদ্দেশ্য করে অঁরির করা একটি মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, এটা কি স্রেফ তার বিখ্যাত ‘ড্রাই হিউমার’ ছিল, নাকি ১৯ বছর বয়সী তরুণ তারকার প্রতি অনুচিত এক খোঁচা?

ঘটনার সূত্রপাত পুরুষ বিভাগে টানা তৃতীয়বারের মতো সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতি ‘কোপা ট্রফি’ হাতে নেওয়ার পর। পুরস্কার গ্রহণ শেষে মঞ্চে দাঁড়ানো ইয়ামালের দিকে মাইক্রোফোন বাড়িয়ে দিয়ে সাবেক আর্সেনাল ও বার্সেলোনা তারকা অঁরি সোজা ব্যাটে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘তুমি কি সত্যি সত্যিই এই ট্রফিটাই চেয়েছিলে?’

অঁরির এই প্রশ্নে উপস্থিত দর্শকরা হেসে উঠলেও তরুণ ইয়ামাল খানিকটা মাথা নিচু করে হাসিমুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মূলত এই ট্রফি নয়, বরং মূল ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন নিয়ে লন্ডনে আসা ইয়ামালকে অঁরি যে পরোক্ষভাবে ট্রোল করেছেন, তা বুঝতে বাকি ছিল না কারও। কারণ, মূল ব্যালন ডি’অরের দৌড়ে বিজয়ী হ্যারি কেইন এবং কিলিয়ান এমবাপ্পের ঠিক পেছনে তৃতীয় স্থানে থেকে আসর শেষ করেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

ফরাসি কিংবদন্তির এই সরল অথচ সূক্ষ্ম কটাক্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও সমালোচনার ঝড়। অঁরির এই রসিকতাকে মোটেও ভালোভাবে নেননি ফুটবল অনুরাগীদের একাংশ। এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে এক ভক্ত লিখেছেন, ‘এটি একদমই অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।’ 

অন্য এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করে লিখেছেন, ‘অঁরির জায়গা থেকে এটি খুবই অসংবেদনশীল ও অসম্মানজনক একটা কাজ হয়েছে। একদমই ভালো দেখায়নি।’ 

অঁরিকে কটাক্ষ করে আরেক সমর্থক মন্তব্য করেন, ‘অঁরি হচ্ছেন সেই টাইপের আত্মীয়, যাকে বছরে মাত্র একবার দেখতে ইচ্ছে করে।’ 

তবে এই বিতর্কের বিপরীতে অন্য একদল ফুটবলপ্রেমী অঁরির পক্ষ নিয়ে যুক্তি দাঁড় করিয়েছেন। তাদের মতে, টিভি বিশেষজ্ঞ হিসেবে অঁরির কৌতুকপ্রিয় ও ‘সিরিয়াস ফেস’ রেখে ট্রোল করার পুরোনো স্বভাবেরই অংশ ছিল এটি। সামাজিক মাধ্যমে এক সমর্থক অঁরির হয়ে সুর মিলিয়ে লেখেন, ‘সোজা মুখে অঁরির এই প্রশ্ন করাটা এক কথায় অনবদ্য লেভেলের ট্রোলিং! তবে তার হাসিই বলে দিচ্ছিল, হলের সবাই জানত তিনি আসলে কোন ট্রফির কথা বোঝাতে চেয়েছেন।’