ময়মনসিংহের নান্দাইলে এক কৃষকের চার লাখ টাকা মূল্যের ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে নান্দাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাছপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন ফকির বাড়িতে একটি চোর চক্র (২৭ অক্টোবর) সোমবার শেষ রাতের দিকে গিয়াস উদ্দিন ফকিরের গোয়াল ঘর থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী গিয়াস উদ্দিন নান্দাইল পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম ফকিরের চাচাতো ভাই।
গিয়াস উদ্দিন ফকির জানান, এর আগের দিন রাতে অসুস্থতা জনিত কারণে ৮০ হাজার টাকা মূল্যের আমার একটি গরু মারা গেছে। অবশিষ্ট ৫টি গরুকে রাতের খাবার দিয়ে ঘুমিয়ে যাই। বাড়ির লোকজন ফজরের নামাজ আদায় করতে উঠে দেখতে পায় গোয়াল ঘরের দরজা খোলা। ঘরে ঢোকে দেখে ঘরে থাকা একটি গরুও ঘরে নেই। পরবর্তীতে ৮ মাস বয়সী একটি বাছুর মহাসড়ক থেকে উদ্ধার করি। বাছুরটি গাড়িতে উঠানোর সময় লাফ দিয়ে পড়ে গিয়েছিল, এজন্য নিতে পারে নি। আমার চারটি গরুর মধ্যে তিনটি গাভী একটি বকনা গরু, তিনটি গাভী-ই গর্ভবতী, দুটি গাভী থেকে দুধ দোহন করতাম। আমার কমপক্ষে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার গরু উদ্ধারে প্রশাসনের আন্তরিক সহযোগিতা চাই।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, আপনার মাধ্যমে ঘটনাটি জানলাম খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।