২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৬ ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা, আন্তর্জাতিক বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও পেশাজীবীদের অংশগ্রহণে এই আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজিত হচ্ছে।
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নীতিনির্ধারক ও প্রবাসীদের মধ্যে সংযোগ স্থাপন এবং বিনিয়োগ ও টেকসই উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন।
 
এই সামিটের ঘোষণা ও বিস্তারিত পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরতে আগামী রোববার (১ নভেম্বর)  দুপুর ১২টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
 
এনআরবি ওয়ার্ল্ড, বিজনেস আমেরিকা ম্যাগাজিন, অর্থকণ্ঠ ও গ্লোবাল এনআরবি চেম্বারের যৌথ সহযোগিতায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও সভাপতি। সামিটকে সফল করতে ইতোমধ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রস্তুতিমূলক সভা ও সংবাদ সম্মেলন সম্পন্ন হয়েছে।

সামিটের মূল আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্য, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন।
 
আয়োজকদের প্রত্যাশা, এই সামিট প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও মেধাকে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে কাজে লাগাতে এবং বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করতে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।