মিথ্যা পরিচয়ে পার্সেল নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার কনস্টেবল

চট্টগ্রামে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে জোরপূর্বক তিনটি কার্টন নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে কৃষাণ বড়ুয়া (২৭) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় র‌্যাবের সদস্য পরিচয় দেওয়া নোটন বড়ুয়া নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।

সোমবার (২৬ অক্টোবর) রাতে নগরের নুর আহমদ সড়কে এস এ পরিবহনের কাজির দেউড়ি শাখায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।

গ্রেপ্তার কৃষাণ বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলায়। তিনি কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত। পালিয়ে যাওয়া নোটন বড়ুয়ার বাড়িও একই উপজেলায়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তিনিও একটি বাহিনীতে কর্মরত।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, প্রতারণার মাধ্যমে মিথ্যা পরিচয় দিয়ে এস এ পরিবহনের কাউন্টার থেকে তিনটি পার্সেল আত্মসাতের চেষ্টা করেন পুলিশ কনস্টেবল কৃষাণ। তার সঙ্গে নোটন বড়ুয়া নামে আরেক ব্যক্তি ছিলেন, যিনি নিজের নাম নিলয় বড়ুয়া বলে পরিচয় দিয়েছিলেন।

এ ঘটনায় এস এ পরিবহনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।