আওয়ামী লীগের নির্দোষ কর্মীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তবে দলটির যেসব নেতাকর্মী অপরাধে জড়িত, তাদের বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে কোনো বাধা নেই। তবে অপরাধীদের বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে।
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী গোষ্ঠী হিসেবে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াতের নেতাদের হত্যার পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে।
দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পথে বর্তমান সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, বিএনপি আওয়ামী লীগের মতো একই পথে এগোচ্ছে।
দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমানে দলটি আওয়ামী লীগের মতো আচরণ করার চেষ্টা করছে।
জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা ব্যক্তিরা শেষ পর্যন্ত ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, জামায়াত কচুপাতার পানি নয়; দলটি দেশের সাধারণ মানুষের আদর্শিক রাজনৈতিক সংগঠন।