মুন্সীগঞ্জে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীনগর প্রেসক্লাবের মিলনায়তনে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে শ্রীনগর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।

সংলাপে পিএফজির অ্যাম্বাসেডর মো. জাহাঙ্গীর খানের সভাপতিত্বে সঞ্চালনার দায়িত্ব পালন করেন কো-অর্ডিনেটর মো. জসিম মোল্লা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য।

সংলাপে দেশে স্থায়ী শান্তি ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে হলে রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন বক্তারা। তারা বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান আরও শক্তিশালী হবে। বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের অবস্থানের কিছুটা উন্নতি হলেও সার্বিক পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়। তাই সামগ্রিক শান্তি প্রতিষ্ঠায় ধর্ম, বর্ণ ও মতের পার্থক্য ভুলে সবাইকে সহনশীলতা, নৈতিকতা ও দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে।

এসময় অন্যদের অংশগ্রহণ করেন কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম এসএমএ খালেক, শ্রীনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ মিয়া, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, শ্রীনগর বাজার বনিক সমিতির সহ-সভাপতি শামসুল ইসলাম নয়ন, ডা. মাসুম খান ঢালু, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু, সমবায় দলের সাধারণ সম্পাদক রিমন হোসেন, শ্রীনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমির মেম্বার, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, শিক্ষক নুরুল আমিন মিয়া, জাকির মাষ্টার, কামরুন্নাহার চৌধুরী অনু প্রমুখ।