চন্দনাইশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

'এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য'— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশ উপজেলায় ৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
 
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
 
আয়োজক সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে এবং পতিত জমিতে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ৪ হাজার চারা একযোগে রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।