তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের অংশীদার হিসেবে বাংলাদেশকে অভিহিত করে তিনি নতুন সরকারের জাতি গঠনমূলক পদক্ষেপে জোরালো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে দুই দেশের শীর্ষ বৈঠক শেষে নিজের অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সমর্থনের কথা জানান।

চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার ওপর জোর দেওয়া হয়। তাকাইচি বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযোগকারী বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং ১৭ কোটি মানুষের তরুণ বাজার জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি জানান, ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগটিকে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’ নামক নতুন কৌশলগত সহযোগিতা কাঠামোয় উন্নীত করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রতি জাপানের অবিচল সমর্থন ও বিভিন্ন খাতের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি জাপানকে বাংলাদেশের জনগণের এক বিশেষ অংশীদার হিসেবে অভিহিত করেন। উভয় নেতা সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে অংশীদারিত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

সানায়ে তাকাইচি জানান, যৌথ বিবৃতির আলোকে দ্বিপক্ষীয় সহযোগিতার ভবিষ্যৎ দিকনির্দেশনা বাস্তবায়িত হবে। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। এই শীর্ষ বৈঠক বাংলাদেশ-জাপান মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো।