দিনাজপুরের পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আসাদুজ্জামান (৩২) ও আলোম হোসেন। পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের ছেলে চন্দন কুমার রায় বাদী হয়ে রবিবার রাতে পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা এবং পার্বতীপুর-ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস।
পুলিশ জানায়, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রয়াত এক বন্ধুর পারিবারিক বিরোধ মীমাংসা করতে চিরিরবন্দর থেকে ওই এলাকায় গিয়েছিলেন মনোরঞ্জন রায়। এ ঘটনায় আসাদুজ্জামান ও আলোম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ওয়াদুদ বলেন, এ ঘটনায় নিহতের ছেলে চন্দন কুমার রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার বেলা আড়াইটার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের নয় মোল্লাপাড়া গ্রামে মনোরঞ্জন রায়কে মারধর করা হয়। পরে তিনি মারা যান। তিনি চিরিরবন্দর উপজেলার চকসুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়ি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের চকসুকদেবপুর মালিপাড়ায়। তিনি অসীম চন্দ্র রায়ের ছেলে।