সিসিটিভি ফুটেজে ধরা পড়ল গরুচোর, আটক ৪

মৌলভীবাজারে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তহরি গ্রামে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ একজনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া গরু দুটি উদ্ধার এবং আরও তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তহরি গ্রামের মনোরঞ্জন নমশুদ্রের ছেলে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকার (২৪), একই গ্রামের ধীরেশ সূত্রধরের ছেলে দীপন সূত্রধর (২০), মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের কাদিপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে এলেমান মিয়া (৩৮) এবং একই গ্রামের নারায়ন নমশুদ্র প্রকাশ নারাইয়ের ছেলে স্বপন নমশুদ্র (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বেলা আনুমানিক ২টা ১৫ মিনিটে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের জরিফ উদ্দিনের বাড়ির পূর্ব পাশে বুড়া ঠাকুরের আখড়া-সংলগ্ন স্থান থেকে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় গরুর মালিক পুলিশকে অবহিত করেন।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বের হওয়ার বিভিন্ন সড়ক এবং লামুয়া বাজার, সরকারবাজার ও সাধুহাটি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। এর মধ্যে লামুয়া বাজারের একটি ক্যামেরার ফুটেজে হলুদ রঙের পিকআপে গরু দুটি নিয়ে যেতে দেখা যায়। সেই সূত্র ধরে পিকআপটি শনাক্ত করে গরু উদ্ধারে অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহর নেতৃত্বে মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে অন্তহরি এলাকায় অভিযান চালিয়ে রূপন নমশুদ্র প্রকাশ রুবেল সরকারকে পিকআপসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে চুরি হওয়া গরু দুটিসহ আটক করা হয়।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।