পায়রা নদীতে যৌথ অভিযানে জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞার মধ্যে পটুয়াখালীর দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পায়রা নদী থেকে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পায়রা নদীর ভিকাখালী এলাকায় জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মির্জাগঞ্জ উপজেলার ভয়াং এলাকা থেকে পায়রা নদীর বাহেরচর পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় লেবুখালী, আলগি, রাজগঞ্জ ও বাহেরচরসহ নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ জালগুলো জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল। এতে দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, দুমকি উপজেলা মৎস্য কার্যালয়ের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ। নিষেধাজ্ঞার শেষ পর্যায়েও পায়রা নদীতে অবৈধ জাল উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।