রাউজানে পিস্তল ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে পিস্তল ঠেকিয়ে এক নারীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা৷ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এই ঘটনা ঘটে। 

একটি জমি রেজিস্ট্রি নিতে উপজেলা সদরে অবস্থিত সাব রেজিস্ট্রারের কার্যালয়ে যাচ্ছিলেন শামসুন নাহার (৫০) নামের ওই নারী। তার সঙ্গে আরও দুই স্বজন ছিলেন। দুটি মোটরসাইকেলে আসা ছয়জন তাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করেন। তাদের দুজন পিস্তল ঠেকিয়ে ওই নারীকে বলেন, ‘ব্যাগ দে, নইলে গুলি করে দেব।’ এভাবে অস্ত্রের মুখে শামসুন নাহারকে জিম্মি করে তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা।

ভুক্তভোগী শামসুন নাহার উপজেলার পূর্ব গুজরা বড় ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা হাজী মুহাম্মদ আফজালের স্ত্রী। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।