সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি, গ্রেপ্তার মামা-মামী

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় তার মামা ও মামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কান্দাপাড়া গ্রামের জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়া আক্তার। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে আগামীকাল নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের পাশাপাশি জাকিরের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় রওশন আরার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রওশন আরা ও তার পরিবারের সদস্যরা আফরিনকে বাড়িতে রেখে বাইরে যান। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে রওশন আরার ঘরে প্রবেশ করে ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে তার মামী সোনিয়া আক্তারের বিরুদ্ধে। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় কিশোরীর।

আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসা নিতে হয় তাকে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে কয়েক দফা সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। এ ছাড়া একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করে আফরিনকে দোষারোপ করা নিয়েও দুই পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছিল।

আফরিনের মা রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের কারণে তার ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এর মধ্যে মুঠোফোন হারানোকে কেন্দ্র করে মেয়েকে দোষারোপ করা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোনিয়া তার ঘুমন্ত মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ করেন তিনি।

রওশন আরা আরও জানান, মেয়ের চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর গ্রামে সালিসের উদ্যোগ নেওয়া হয়। সেখানে কোনো সমাধান না হওয়ায় তিনি থানায় মামলা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে। ঘটনাটি এক মাস আগের হলেও পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার মামলা করেছে।