ভারতের তামিলনাডুর কারাগার থেকে পালাল ১৭ বন্দি

ভারতের তামিলনাড়ু রাজ্যের থেনি জেলায় কারাগার থেকে পালানো ১৭ বন্দির মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘন জঙ্গলে কয়েক ঘণ্টা লুকিয়ে থাকার পর ড্রোনের নজরদারিতে তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। তবে এখনো চার বন্দি পলাতক রয়েছেন। তাঁদের ধরতে দুর্গম বনাঞ্চলে তল্লাশি চালাচ্ছে পুলিশের বিশেষ দল। খবর এনডিটিভি। 

এক বন্দির মৃগীরোগে আক্রান্ত হওয়ার ভানকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই পলায়ন। পরে কারাগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে পড়েন ১৭ জন বিচারাধীন বন্দি। তবে পালানোর এক দিনের মধ্যেই তাঁদের অধিকাংশকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এনডিটিভির হাতে আসা ড্রোনের ভিডিওতে দেখা যায়, আকাশ থেকে নিজেদের শনাক্ত করা হয়েছে বুঝতে পেরে ঘন জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছেন বন্দিরা।

পুলিশ জানিয়েছে, থেনি জেলার থেক্কামপট্টি উপকারাগার থেকে পালানোর পর বন্দিরা বনাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের খুঁজে বের করতে আকাশপথে নজরদারি চালানো হয়।

দক্ষিণাঞ্চলের পুলিশের মহাপরিদর্শক বিজয়েন্দ্র বিদারি এনডিটিভিকে বলেন, কারাগারের আশপাশে ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থাকায় প্রথমে পালানোর সম্ভাব্য সব পথ শক্তভাবে ঘিরে ফেলা হয়। এরপর পরিকল্পিতভাবে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

তিনি বলেন, দিনের আলো ফোটার পর পলাতক বন্দিদের শনাক্ত করতে তিনটি বিশেষ ড্রোন এবং পুলিশের ১৭টি বিশেষ দল মোতায়েন করা হয়। ড্রোনের ফুটেজের মাধ্যমে বিস্তীর্ণ এলাকা পর্যবেক্ষণ করে বন্দিদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এর ফলেই তাঁদের গ্রেপ্তার করা গেছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পলাতক বন্দিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মাদকসংক্রান্ত অপরাধসহ গুরুতর অভিযোগ রয়েছে।

ঘটনার দিন কারাগারের একটি ব্লকের বন্দিরা দাবি করেন, তাঁদের একজন খিঁচুনিতে আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে এক কারারক্ষী সেখানে ছুটে গেলে বোঝা যায়, অসুস্থতার বিষয়টি ছিল সাজানো নাটক।

এরপর বন্দিরা কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে প্রবেশপথে দায়িত্বে থাকা কর্মীদের কাবু করেন। তাঁদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে কারাগারের প্রধান ফটক খুলে পালিয়ে যান ১৭ জন।

পুলিশের নথি অনুযায়ী, পলাতক বন্দিদের অধিকাংশের বয়স ১৯ থেকে ২৬ বছরের মধ্যে। তাঁরা তামিলনাড়ুর বিভিন্ন জেলার বাসিন্দা। এসব জেলার মধ্যে রয়েছে মাদুরাই, শিবগঙ্গাই, রামানাথপুরম, সালেম, কন্যাকুমারী ও থেনি।

কারাগার থেকে একসঙ্গে এত বন্দির পালিয়ে যাওয়ার ঘটনায় তামিলনাড়ু কারা বিভাগের নয়জন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে দায়িত্ব পালনে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

কারা ও সংশোধন পরিষেবার মহাপরিচালক সন্দীপ রাই রাঠোর এনডিটিভিকে বলেন, দায়িত্ব পালনে ঘাটতি ও অবহেলার বিষয়টি সামনে এসেছে। পুলিশের ধারণা, এখনো পলাতক থাকা চার বন্দি থেনির বনাঞ্চলেই লুকিয়ে রয়েছেন। তাঁদের ধরতে দুর্গম এলাকায় তল্লাশি চালাচ্ছে বিশেষ দলগুলো।