রংপুর জেলার মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে খান পরিবহনের যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈরাগীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় খান পরিবহনের নৈশকোচটি। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।