ল্যাঙ্কাশায়ারের সঙ্গে দীর্ঘ সম্পর্কের অবসানটা মোটেও মধুর ছিল না; বরঞ্চ ক্লাবটির ঠান্ডা মাথায় বিদায় জানানোর নীতি চরম ক্ষোভের জন্ম দিয়েছিল। তবে কাউন্টি ক্রিকেটের সেই হতাশা ও বিতর্কের ধুলো উড়িয়ে সম্পূর্ণ নতুন এক পরিচয়ে ক্রিকেটে ফিরলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।
মাঠের খেলোয়াড় থেকে সোজা ফ্র্যাঞ্চাইজি মালিকের আসনে বসে ক্রিকেট বিশ্বে রীতিমতো চমক সৃষ্টি করলেন এই ৪৪ বছর বয়সী পেস গ্রেট। আগামী মাসে রোমে শুরু হওয়া ইতালির টি-টেন লিগে ‘নেপোলি নাইটস’-এর সহ-মালিক হিসেবে নাম লিখিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করছেন অ্যান্ডারসন।
গত রবিবার ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ পেসারের সঙ্গে আগামী মৌসুমের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না। অথচ সদ্য সমাপ্ত কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুমেও দুর্দান্ত ফর্মে ছিলেন অ্যান্ডারসন; ১৭ গড়ে ৫০টি উইকেট শিকার করে তিনি নির্বাচিত হয়েছিলেন ল্যাঙ্কাশায়ারের বর্ষসেরা ক্রিকেটারও! ক্লাবের এমন সিদ্ধান্তের পর নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে অ্যান্ডারসন আক্ষেপের সুরে লিখেছিলেন, ‘বিষয়টা আমার ওপর ছেড়ে দেওয়া হলে পরিণতিটা এমন হতো না; তবুও খেলোয়াড় ও সমর্থকদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই।’
প্রিয় সতীর্থের প্রতি ল্যাঙ্কাশায়ারের এমন আচরণ ভালোভাবে নেননি টেস্ট ক্রিকেটে অ্যান্ডারসনের দীর্ঘদিনের বোলিং জুটি স্টুয়ার্ট ব্রড। নিজের পডকাস্ট ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’-এ ক্ষোভ প্রকাশ করে ব্রড বলেন, ‘আমি ল্যাঙ্কাশায়ারের এই সিদ্ধান্ত পছন্দ করিনি। এটি সঠিক উপায়ে করা হয়নি। আমার মতে এটি অসম্মানজনক ছিল। আপনি যখন গেমের কোনো গ্রেট বা লিজেন্ডকে বিদায় জানাবেন, তখন তার সম্মানজনক একটা বিদায় প্রাপ্য। এটি ওই ক্লাবের নেতৃত্বের চরম অভাবের পরিচায়ক।’
দল কিনেই তবে সেই অসম্মানের জবার দিলেন অ্যান্ডারসন? অবশ্য তার ভাষ্যে আসেনি এরুপ কোনো রেশারেশির সুর। তবে এমন কিছুতে হয়তো কিছুটা সমালোচনার জবাবই দিলেন ইংলিশদের এই কিংবদন্তি পেসার।
ল্যাঙ্কাশায়ারের সঙ্গে সেই তিক্ত বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই ক্রিকেট বিশ্বে সম্পূর্ণ অপ্রত্যাশিত এক চমক নিয়ে হাজির হলেন অ্যান্ডারসন। ক্যারিয়ারজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ থেকে যিনি সবসময় দূরত্ব বজায় রেখে চলতেন, এমনকি দ্য হানড্রেডে খেলার অভিজ্ঞতাকে একসময় ‘ঘৃণা করার মতো’ বলেছিলেন, আজ সেই অ্যান্ডারসনই কিনা এক টি-টেন ফ্র্যাঞ্চাইজির মালিক! ল্যাঙ্কাশায়ারের সাবেক উইকেটরক্ষক ও অ্যান্ডারসনের দীর্ঘদিনের এজেন্ট লুক সাটনের প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভেট স্পোর্ট অ্যান্ড লিজার’-এর সঙ্গে যৌথভাবে ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করবেন তিনি।
ক্রিকেট থেকে পাওয়া অভিজ্ঞতাকে নতুন দিগন্তে ছড়িয়ে দিতে রোমাঞ্চিত অ্যান্ডারসন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া বিবৃতিতে এই ইংলিশ পেসার বলেন, ‘ক্রিকেট আমাকে ক্যারিয়ারজুড়ে অনেক কিছু দিয়েছে। সম্পূর্ণ ভিন্ন উপায়ে এই খেলাটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। লুক ও আমার সম্পর্কের ইতিহাস অনেক পুরোনো, তাই একসঙ্গে এই নতুন চ্যালেঞ্জ নেওয়াটা বিশেষ কিছু।’
এদিকে ফ্র্যাঞ্চাইজির আরেক সহ-মালিক লুক সাটন সংবাদ বিজ্ঞপ্তিতে যোগ করে বলেন, ‘নেপোলি নাইটসের মালিক হিসেবে ইতালি টি-টেন লিগে যুক্ত হতে পেরে আমরা দারুণ রোমাঞ্চিত। জীবনের সিংহভাগ ক্রিকেটে কাটানোর পর জিম ও আমি বিষয়টিকে এক নতুন ও উচ্চাকাঙ্ক্ষী যাত্রার অংশ হিসেবে দেখছি, যা এক সম্ভাবনাময় ক্রিকেট দেশে খেলাটির প্রসারে ভূমিকা রাখবে।’
আগামী ১৮ থেকে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইতালির এই টি-টেন লিগটি আয়োজন করছে ‘অ্যাপেক্স টি-টেন লিমিটেড’, যার প্রতিষ্ঠাতা এসেক্সের সাবেক ক্রিকেটার নাদিম শহীদ। আন্তর্জাতিক ক্রিকেটের পরিমণ্ডলে ইতালি দ্রুত নিজেদের অবস্থান তৈরি করছে, যা চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।