জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জামালপুর সার্কেলের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, বিআরটিএ জামালপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আনোয়ারুল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম এবং জেলা বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদসহ অন্যরা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ ভটভটি ও নছিমনের চলাচল বন্ধ করা এবং প্রশিক্ষিত চালকদের দিয়ে বৈধ লাইসেন্সের মাধ্যমে যানবাহন চালানো নিশ্চিত করতে হবে। পাশাপাশি মহাসড়কে ব্যাটারিচালিত ও সিএনজিচালিত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন মেনে চলা এবং নির্ধারিত গতিসীমার মধ্যে যানবাহন চালানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।