বাংলাদেশ-চীন চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ

বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চতর চিকিৎসা শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল (২৭ অক্টোবর) বিকেলে চীনের ঐতিহ্যবাহী কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় সফর ও যৌথ আলোচনা সভা করেছে।

বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আনুষ্ঠানিক বৈঠকের আগে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিদর্শন করেন।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন-এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন স্কুলটির সেক্রেটারি ঝ্যাং শিয়াওলি বৈঠকে ইউনান প্রাদেশিক গণসরকারের বৈদেশিক বিষয়ক দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক বিভাগের কর্মকর্তা, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বিভাগ এবং স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে ঝ্যাং শিয়াওলি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন লিউ ইয়াজিয়ে  বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রম ও চীন অধ্যয়ন কর্মসূচি সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। 

এ সময় কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী প্রতিনিধিরা তাদের শিক্ষাজীবন ও ক্যাম্পাস অভিজ্ঞতা তুলে ধরেন। সিনিয়র সচিব আবদুল খালেক কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষার মান এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সহায়ক ও অনুকূল শিক্ষার পরিবেশের উচ্চ প্রশংসা করেন।

বৈঠকে উভয় পক্ষ চিকিৎসা শিক্ষা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। শিক্ষার্থী ভর্তি, চিকিৎসা ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, একাডেমিক বিনিময়, যৌথ গবেষণা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা শিক্ষা অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে মতবিনিময় হয়। বাংলাদেশি প্রতিনিধিদল কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার, অধিক সংখ্যক বাংলাদেশি তরুণ-তরুণীকে চীনে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষার সুযোগ করে দেওয়ার এবং স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বাস্তবভিত্তিক যৌথ উদ্যোগ গ্রহণের আগ্রহ প্রকাশ করে।

এই সফর বাংলাদেশ ও কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে জনগণের পারস্পরিক সংযোগ ও একাডেমিক বিনিময়কে আরও গভীর করার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।