দুই দিনের আল্টিমেটাম

তিশার বিরুদ্ধে নতুন মামলার হুঁশিয়ারি

চলমান সময়ের আলোচিত-সমালোচিত অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে এবার নতুন অভিযোগ। অনুমতি ছাড়া ছবি প্রকাশ ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে তিশাকে।  অভিনেত্রীর বিরুদ্ধে করা মামলার বাদী সানায়া আনামের বুধবার (২৮ অক্টোবর) এ নোটিশ পাঠিয়েছেন পাঠিয়েছেন আইনজীবী শুভ্র সিনহা রনি। দুই দিনের মধ্যে ছবি ও ভুল তথ্য না সরানো হলে তানজিন তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান আইনজীবি।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে, তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা করেছেন সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরী। মামলা দুটি বর্তমানে চলমান রয়েছে। সেখানে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Tanjin Tisha’ থেকে বাদীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন। একই সঙ্গে গণমাধ্যমেও বাদীকে নিয়ে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে বাদীকে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন তানজিন তিশা। ওই বার্তায় তিনি বলেন, ‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’ বাদীর অভিযোগ, ওই হুমকির ধারাবাহিকতায় তিশা তার ছবি ফেসবুকে প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করছেন।নোটিশে তিশার একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি লেখেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’।

বাদীর দাবি, তার সঙ্গে ছবি প্রকাশ করা অন্য নারীর কোনো বোনের সম্পর্ক নেই। বাদী একজন ফ্যাশন ডিজাইনার এবং অপর নারী একজন নারী উদ্যোক্তা। পেশাগত পরিচয়ের সূত্রে তাদের মধ্যে পরিচয় রয়েছে। কিন্তু তাদের সম্পর্ককে নেতিবাচকভাবে উপস্থাপন করে তিশা বাদীর মানহানি করছেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। এছাড়া তানজিন তিশার ফেসবুক পোস্টে দুজন অপ্রাপ্তবয়স্কের ছবি প্রকাশের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ছবি প্রকাশের আগে বাদী বা শিশুদের পরিবারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। নোটিশে এটিকে সাইবার সুরক্ষা আইন, ২০২৩-এর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে তানজিন তিশাকে নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও সংশ্লিষ্ট লেখা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বাদীর কোনো ছবি ওই পেজে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ না নিলে আর্থিক ক্ষতিপূরণসহ মানহানির অভিযোগে এবং সাইবার ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে আইনি প্রতিকার চাওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।